শুক্রবার, ১৫ মে ২০২৬
Natun Kagoj

টঙ্গীর কেমিক্যাল গুদামে বিস্ফোরণ: নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্নচিহ্ন

টঙ্গীর কেমিক্যাল গুদামে বিস্ফোরণ: নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্নচিহ্ন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু সেখানে হঠাৎ আরেকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন।

এই ঘটনা শুধু মানুষিক ও শারীরিক ক্ষতির কারণ নয়, বরং দেশের শিল্প নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় ধরনের সতর্কবার্তা। টঙ্গী বিসিক শিল্প নগরী এবং আশপাশের শিল্পাঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু নিরাপত্তা মান ও ঝুঁকি ব্যবস্থাপনায় অবহেলা থাকলে এমন দুর্ঘটনা প্রায় অনিবার্য। কেমিক্যাল সংরক্ষণ, সঠিক স্ট্যান্ডার্ড সেফটি এবং নিয়মিত তদারকি না থাকলে শিল্প ও কর্মচারীরা বিপদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, তবে তাদের সুরক্ষা ও প্রাথমিক সরঞ্জামের সীমাবদ্ধতা স্পষ্ট। তিনজন সদস্য দগ্ধ হওয়া এবং এক কর্মকর্তা আহত হওয়া প্রমাণ করে যে, শিল্পাঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। প্রতিটি শিল্প সংস্থার কর্তৃপক্ষের দায়িত্ব, শুধু উৎপাদন নয়, কর্মীর জীবন ও নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কেমিক্যাল গুদামে সঠিকভাবে সেফটি গাইডলাইন মেনে চলা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সরকারের পক্ষ থেকেও এসব শিল্পাঞ্চলে নিয়মিত পরিদর্শন, জরুরি পরিকল্পনা, ফায়ার সার্ভিসের প্রস্তুতি এবং কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্প মালিকদেরও সচেতন হতে হবে। অর্থনৈতিক অগ্রগতি এবং শিল্প সম্প্রসারণের নামে নিরাপত্তা ও জীবন মূল্যহীন নয়।

এই দূর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, শিল্পাঞ্চলে নিরাপত্তা মান নিশ্চিত করা শুধু জরুরি নয়, এটি একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। দেশব্যাপী শিল্প ও কারখানাগুলোতে কেমিক্যাল ব্যবস্থাপনা, সেফটি স্ট্যান্ডার্ড এবং জরুরি প্রস্তুতির বিষয়ে পদক্ষেপ দ্রুত নেওয়া না হলে, ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থাকবে।

ফায়ার সার্ভিসের আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনা যেন আমাদের দেশের শিল্প নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার তাগিদ হিসেবে কাজ করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন