বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আজ মাঠে দুই ‘চিরশত্রু’, সুপার ফোরে বদলাবে ইতিহাস?

আজ মাঠে দুই ‘চিরশত্রু’, সুপার ফোরে বদলাবে ইতিহাস?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টায় দুবাইয়ে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ভারতের জয় ছিল একপেশে। এবার সুপার ফোরের লড়াইয়ে কি ভারতের আধিপত্য অব্যাহত থাকবে, নাকি পাকিস্তান প্রতিশোধে সফল হবে—ক্রিকেটপ্রেমীদের নজর এখন সেটার দিকে।

টিম ইন্ডিয়া সুপার ফোরেও গ্রুপ পর্বের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে, পাকিস্তানও এবার ভারতের বিপক্ষে হার কাটিয়ে নিজেদের সম্ভাবনা শক্ত করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, যেখানে জয়-পরাজয় উভয় দলের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গত সপ্তাহে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এ নিয়ে ক্রিকেট অঙ্গনে বিতর্ক তুঙ্গে।

গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চায় পাকিস্তান। ব্যাটার ফখর জামান বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চাই আমরা। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।’

গ্রুপ পর্বে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ফখর জামান। ৩ ইনিংসে ১টি হাফ সেঞ্চুরিতে ৯০ রান করেছেন তিনি। এরপর আছেন মোহাম্মদ হারিস। ১টি অর্ধশতকে ৩ ইনিংসে ৮৭ রান করেন এই ডানহাতি ব্যাটার।

বোলারদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওপেনার ও স্পিনার সাইম আইয়ুব। ৩ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ভারতের বিপক্ষেই ৩ উইকেট শিকার করেছিলেন সাইম। কিন্তু তিন ম্যাচের সবগুলোতেই শূন্য হাতে সাজঘরে ফিরে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

গ্রুপ পর্বে রান বিবেচনায় ভারতের সেরা ব্যাটার অভিষেক শর্মা। ৩ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান তিলক ভার্মার। তার ব্যাট থেকে এসেছে ৬০ রান। বোলিংয়ে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ