জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবার ইন্তেকাল

এশিয়া কাপের উত্তেজনা চলাকালে দুই ক্রিকেটারকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাঁর মৃত্যুতে শ্রীলঙ্কা দলে শোকের ছায়া নেমে আসে।
এর কয়েক ঘণ্টা পরই দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
নিজাম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এবাদত হোসেন ও তাঁর পরিবার গভীর শোকে আচ্ছন্ন। দেশের ক্রিকেট অঙ্গন থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এশিয়া কাপের ব্যস্ততার মাঝেই সতীর্থ ক্রিকেটার ও সমর্থকরা এবাদত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিলেটের সংবাদমাধ্যম জানায়, এবাদত হোসেন চৌধুরীর বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। তিনি অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থও ছিলেন।
তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ শুক্রবার সকাল ১১টায় এবাদতের বাবার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।