বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপে নেইমারের সম্ভাবনা নিয়ে আনচেলত্তির মন্তব্য

বিশ্বকাপে নেইমারের সম্ভাবনা নিয়ে আনচেলত্তির মন্তব্য
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেইমার প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলে অনুপস্থিত। শেষবার তিনি দলের সঙ্গে যোগ দিতে পারতেন একটি আন্তর্জাতিক উইন্ডোতে, কিন্তু শেষ মুহূর্তে চোট তার ফেরার পথ বন্ধ করে দেয়। তবে নেইমার নিজে দাবি করেছিলেন, চোট নয়, অন্য কারণে তার দলে থাকা হয়নি। সেই সময়ে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

এবার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেইমারের জন্য স্থান নিশ্চিত করা হবে। তবে তাকে দলে ফেরার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। প্রধান শর্ত হলো শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকা।

নেইমার সর্বশেষ ব্রাজিল জার্সি পরেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে, যখন তিনি গুরুতর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন। এরপর বারবার চেষ্টা সত্ত্বেও মাঠে ফেরার সুযোগ হয়নি।

আনচেলত্তি ইএসপিএন ব্রাজিলকে বলেন, ‘আমরা নেইমারকে কিভাবে খেলছে সেটা দেখার জন্য বসে থাকব না। সবাই তার প্রতিভা জানে। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হবে। যদি সে সেরা শারীরিক অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার জায়গা পেতে কোনো সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘সবারই চাওয়া নেইমার যেন জাতীয় দলে থাকে এবং ভালো শারীরিক অবস্থায় থাকে। আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, তোমার হাতে সময় আছে, সেরা প্রস্তুতি নাও। বিশ্বকাপে এসে দলকে সাহায্য করো যাতে তারা সেরাটা দিতে পারে।’

সৌদি আরবের আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নেইমার মাঝে মাঝে নিজের ঝলক দেখিয়েছেন। তবে গত মাসে ভাস্কো দা গামার কাছে সান্তোসের ৬-০ গোলে হারার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

আনচেলত্তি জানান, নেইমারকে তিনি মাঝমাঠের আক্রমণভাগে বা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। সব পরিষ্কার। পরিকল্পনা একই আছে। সে বাইরে খেলতে পারবে না। আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক শক্তি থাকা খুব জরুরি। তবে আক্রমণভাগের মিডফিল্ডার হিসেবে ও কোনো সমস্যাই ছাড়াই খেলতে পারবে।’

আগামী বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ব্রাজিল আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটির পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আগামী ১০ অক্টোবর সিউলে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ