এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের জন্য আবেদন

এশিয়া কাপের উত্তেজনা ছড়ানো ম্যাচের মধ্যেই ভারতের সুপ্রিম কোর্টে একটি নতুন আইনি টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচ বাতিলের দাবিতে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL) আবেদন দায়ের করা হয়েছে। বর্তমানে সারা দেশের ক্রিকেট প্রেমী ও এশিয়া কাপের দর্শকরা এই আইনি প্রক্রিয়ার ফলাফলের দিকে কৌতূহলসহ নজর রাখছেন। এই PIL-এ আবেদকরা বিভিন্ন নিরাপত্তা ও নৈতিক কারণে ম্যাচ স্থগিত করার দাবি করেছেন। ম্যাচের ভবিষ্যৎ নিয়ে এখন আশংকা তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।
সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করে পিটিশনে বলা হয়, ‘সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’ ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের অনুরোধ করেছেন পিটিশনকারীরা।
ম্যাচ বাতিলের আবেদন নিয়ে শুক্রবার শুনানির জন্য রাখা হলে বিচারক মহেশ্বরি বলেন, ‘এত তাড়াহুড়ো কিসের? এটি কেবলই একটি ম্যাচ, ঠিকভাবে হতে দিন।’ আবেদনকারীরা রোববার ভারত-পাকিস্তানের ম্যাচের আগে রায় চাইলে বিচারক জানান, ‘রোববার ম্যাচ হবে? তা নিয়ে আমরা কী করতে পারি? সেটা হতে দিন। ম্যাচ চালু রাখা উচিত।’
উল্লেখ্য, ভারতের সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) অনুসারে আদালতের দ্বারস্থ হতে পারেন।