জাতীয় ফুটবল দলকে দেশে ফেরাতে সব ব্যবস্থা নিচ্ছে সরকার

হিমালয়ের দেশ নেপাল এখন উত্তাল বিক্ষোভে কাঁপছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় চলমান এই অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার অঙ্গনেও। এরই মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে গেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী দলটির আজ দেশে ফেরার কথা ছিল। তবে নেপালে বিক্ষোভের কারণে বিমানবন্দর এবং যাতায়াত ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ায় ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে। দলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফেরার বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ দলকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানো হবে। এরই মধ্যে বাফুফে এবং নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উল্লেখ্য, নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এতে বিমানবন্দর এলাকা অবরুদ্ধ হয়ে পড়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দল আপাতত হোটেলেই অবস্থান করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আরও বলা হয়, বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উল্লেখ্য, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে, দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
এ ছাড়া, যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সাথে ফোনে যোগাযোগ করে দলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং দেশে দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেছেন।