বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মোস্তাফিজের জন্মদিনে তিন আইপিএল দলের শুভেচ্ছা বার্তা

মোস্তাফিজের জন্মদিনে তিন আইপিএল দলের শুভেচ্ছা বার্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান শনিবার (৬ সেপ্টেম্বর) ৩০ বছরে পা দিয়েছেন। জন্মদিনের এই বিশেষ দিনে আইপিএলের তিনটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি—দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস—তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ‘দ্য ফিজ’ হিসেবে খ্যাত এই তারকা বোলারের জন্মদিন উদযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

আইপিএলে বাংলাদেশের সর্বাধিক সফল বোলার মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। চলতি বছর তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, “বাংলার এক বাঘ, যার সাহস সিংহের মতো। ফিজের জন্মদিন অসাধারণ কাটুক—এই শুভকামনা জানাচ্ছি।” দিল্লি ক্যাপিটালসও লিখেছে, “৩০ বছর পূর্ণ করা ফিজকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।” রাজস্থান রয়্যালস জানিয়েছে, “তার ফিজি ধীরগতির কাটারগুলো মনে আছে। আমাদের পুরনো বন্ধু মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা।”

আইপিএলে মোস্তাফিজের অর্জন অসাধারণ। ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন তিনি, যা বাংলাদেশের পক্ষে সেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১১৩ ম্যাচে ১৪২ উইকেট নিয়েছেন, যার মাধ্যমে তিনি বিশ্বের সেরা বোলারদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন। বাংলাদেশের সেরা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ১৪৯, আর আফগানিস্তানের রশিদ খানের ১৬৭।

সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন উইকেট নিয়েছেন মোস্তাফিজ, যেখানে বাংলাদেশ সিরিজটি ২-০ ব্যবধানে জয় করেছে।

আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র মোস্তাফিজই ইমার্জিং প্লেয়ার (উদীয়মান খেলোয়াড়) পুরস্কার জিতেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ