খাইবার পাখতুনখাওয়ায় ক্রিকেট ম্যাচে বোমা বিস্ফোরণ, নিহত ১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় একটি ক্রিকেট ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটি শনিবার (৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকায় অবস্থিত কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ এই ঘটনায় সংবাদ প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল পাঠানো হয়েছে।
প্রতিবেশী ও স্থানীয় জনগণ আতঙ্কিত হলেও প্রশাসন আশ্বাস দিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশের দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই ঘটনায় কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।
পাকিস্তান সেনাবাহিনী গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য হলো জঙ্গিদের আস্তানা ধ্বংস করা এবং সীমান্তবর্তী এই অশান্ত এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা। সেখানে সম্প্রতি টিটিপির কার্যক্রম বেড়ে গিয়েছিল।