বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম বহর এশিয়া কাপ খেলতে দুবাইতে পৌঁছাল

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে শিরোপার কাছাকাছি পৌঁছেও তিনবার তা জিততে পারেনি। অতীতের হতাশা ভুলে এবার নতুন আসরে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে।
দলীয় প্রস্তুতি ও আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা এবার মাঠে নামছেন নতুন উদ্দীপনা নিয়ে। শিরোপা জেতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা প্রতিটি ম্যাচে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।
রোববার (৭ সেপ্টেমবর) সকাল সোয়া ১০টায় প্রথম দফার ক্রিকেটাররা দেশ ছাড়েন। এতে ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস, জাকের আলি, অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বাকিরা সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক ফ্লাইটে দেশ ছাড়বেন।
বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রস্তুতি নিয়েই আমরা যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি ভালো টুর্নামেন্ট খেলা।
২০১২ থেকে ২০১৮ পর্যন্ত চার এশিয়া কাপে তিনবার ফাইনালে ওঠার পরও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এরপরের দুই আসরে দল একবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে এবং সর্বশেষ আসরে সুপার ফোরে উঠলেও ফাইনালে পৌঁছায়নি।
টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বাংলাদেশের সম্ভাবনা কম আঙ্কছেন। তিনি বলেছেন, বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ।
তবে জাকের আলি বলেন, কাউকে জবাব দেয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। ড্রেসিং রুমের অবস্থা সবসময়ই ভালো। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ – সব মিলিয়ে এশিয়া কাপ থেকে আমরা ভালো কিছু আশা করছি।