বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সুয়ারেজ নিষিদ্ধ হওয়ায় মেসিরা পেলেন চরম দুঃসংবাদ

সুয়ারেজ নিষিদ্ধ হওয়ায় মেসিরা পেলেন চরম দুঃসংবাদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা হলো লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞা। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে উরুগুইয়ান এই তারকা ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হারের পর সুয়ারেজ প্রতিপক্ষ স্টাফের দিকে থুতু ছুড়ে বসেন। শুধু তাই নয়, সিয়াটলের আরেক খেলোয়াড়ের গলায় হাত দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটি তদন্ত করছে এমএলএস কর্তৃপক্ষ।

এই অপরাধের দায়ে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে কার্যকর হবে। অর্থাৎ, মায়ামি যদি আগামী আসরে ফাইনালে পৌঁছায়, তাহলেই কেবল ফাইনালে খেলতে পারবেন সুয়ারেজ। তবে এই শাস্তি মেজর লিগ সকার বা অন্য কোনো প্রতিযোগিতায় প্রযোজ্য হবে না।

শুধু সুয়ারেজই নয়, শাস্তির তালিকায় আছেন আরও কয়েকজন। সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, ইন্টার মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ এবং সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।

এর আগেও বিতর্কিত ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে সুয়ারেজের। ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবল কিংবা একাধিকবার প্রতিপক্ষকে কামড় দেওয়ার ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনা বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে এবার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সুয়ারেজ। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।

রেফারির শেষ বাঁশির পর শুরু হওয়া হাতাহাতি এবং বিশৃঙ্খলায় বুসকেটস-ভার্গাসসহ উভয় দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন। ক্যামেরায় ধরা পড়ে সুয়ারেজের থুতু ছোড়ার দৃশ্য। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরেই বড় দুঃসংবাদ পেলেন মেসিরা।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ