বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আইপিএল সফল করতে নিয়ম ভাঙার স্বীকারোক্তি ললিত মোদির

আইপিএল সফল করতে নিয়ম ভাঙার স্বীকারোক্তি ললিত মোদির
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে সবচেয়ে আলোচিত নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। অন্যান্য আন্তর্জাতিক খেলাধুলার লিগের সঙ্গে প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই ভারতের এই টুর্নামেন্ট। বিশাল অর্থের লেনদেন ও দর্শকপ্রিয়তার কারণে বিশ্বের শীর্ষ তিন লিগের মধ্যে স্থান করে নিয়েছে আইপিএল। তবে এই লিগের এত বড় জনপ্রিয়তার পেছনে রয়েছে কিছু নিয়ম ভঙ্গ ও নিয়মবিরুদ্ধ কার্যক্রম, এমনটাই স্বীকার করেছেন প্রথম আইপিএলের চেয়ারম্যান ললিত মোদি। তিনি জানান, আইপিএলকে জনপ্রিয় করার জন্য কিছু সীমা ছাড়িয়ে কাজ করতে হয়েছে।

অনেকেই মানেন, আইপিএলকে আজকের জনপ্রিয়তায় পৌঁছে দিতে বিরাট ভূমিকা ছিল ললিত মোদির। গোটা টুর্নামেন্টটাই বর্তমানে পলাতক ওই ব্যবসায়ীর মস্তিষ্কপ্রসূত। আইপিএল যে এত বড় ব্র্যান্ড সেটার অন্যতম কারণ, আত্মপ্রকাশের ম্যাচেই ঝাঁ চকচকে লাইভ টেলিকাস্ট, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং ব্রেন্ডন ম্যাকালামের সেই ঐতিহাসিক ১৫৮ রানের ইনিংস। ললিত মোদি ১৭ বছর পরে এসে ফাঁস করলেন, আইপিএলের প্রথম ম্যাচকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সবরকমের নিয়ম ভেঙেছিলেন তিনি।

আইপিএলের প্রথম বছরের সম্প্রচারের এক্সক্লুসিভ স্বত্ত্ব ছিল সনি স্পোর্টসের হাতে। কিন্তু সেসময়ের আইপিএল চেয়ারম্যান ললিত মোদি সন্দিহান ছিলেন সনি যে চ্যানেলে খেলা দেখাচ্ছে সেই চ্যানেল আদৌ কতটা জনপ্রিয় সেটা নিয়ে।

এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, নিয়ম ভেঙে প্রথম ম্যাচ সম্প্রচারের জন্য নিউজ চ্যানেলগুলোকেও উৎসাহিত করেছিলেন তিনি। ললিতের কথায়, “আমি চাইছিলাম যেভাবেই হোক ম্যাচটা যেন প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়। কারণ ওই ম্যাচ হিট না হলেই আমাকে শেষ হয়ে যেতে হতো। সে জন্য সবরকমের নিয়ম ভেঙেছি।”

আসলে আইপিএলের বিপুল বিনিয়োগ তুলতে জনপ্রিয়তাই ভরসা ছিল মোদির। আর সনিকে নিয়ে সন্দিহান ছিলেন তিনি। তাই প্রথম ম্যাচ যাতে দর্শকদের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করতে তিনি একাধিক টিভি চ্যানেলকে উৎসাহিত করেন যাতে তারাও ম্যাচটার কোনও কোনও অংশ লাইভ দেখায়। কিন্তু সেটা ছিল নিয়ম বিরুদ্ধ। এমনকী সনি বিষয়টি জানার পর ললিতকে মামলা করার হুমকিও দেয়। কিন্তু তাতে তিনি দমেননি। পরে অবশ্য প্রথম ম্যাচের জনপ্রিয়তার আঁচ সনিও পেয়েছিল। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ