জাতীয় দল থেকে ছিটকে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল জাতীয় দল। এই দুই ম্যাচ দিয়েই মাঠে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকায় সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। তখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইনজুরির কারণে আপাতত জাতীয় দলে ফিরছেন না নেইমার।
তবে এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন স্বয়ং নেইমার। ব্রাজিলিয়ান তারকা জানান, কেবল ইনজুরিই নয়, ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত এবং ফেডারেশনের সঙ্গে মতপার্থক্যের কারণেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। নেইমারের দাবি, তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং মাঠে ফেরার জন্য প্রস্তুত ছিলেন। তবুও কোচিং স্টাফ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।
নেইমার আরও বলেন, “আমার নাম স্কোয়াডে না দেখে আমিও অবাক হয়েছিলাম। সত্যি বলতে, আমি খেলতে পারতাম। তবে সব সিদ্ধান্তই কোচ ও ফেডারেশনের হাতে।”
এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নেইমারের এই মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তার জাতীয় দলে ভবিষ্যৎ।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হলেও নেইমারকে ছাড়া দল কীভাবে পারফর্ম করে, সেটিই এখন দেখার অপেক্ষা।
গত ২৫ আগস্ট দল ঘোষণার পর আনচেলত্তি বলেছিলেন, নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কেমন এবং কী করতে পারে। তাকে আমরা যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।
তবে এবার নেইমার জানিয়েছেন, চোটের জন্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে বাদ পড়েননি তিনি।
তার ভাষ্য, অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। তবে হ্যাঁ, গত ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’
ব্রাজিল দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে নেইমার বলেন, আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।
আগামী ৫ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির দল বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।