আমি তো মেসি নই : হার নিয়ে রদ্রির সরল স্বীকারোক্তি

১১ মাস পর মাঠে নেমে ম্যানচেস্টার সিটির জার্সিতে আবারও প্রথম একাদশে দেখা গেল ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রিকে। তবে তার ফেরাটা দলের জন্য সুখকর হয়নি। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ২-১ গোলের হারে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রদ্রির প্রত্যাবর্তনের ম্যাচে সিটির শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত গোল খেয়ে পিছিয়ে যায় তারা। ব্রাইটনের আক্রমণভাগের দক্ষতাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। এই হারের ফলে টানা দ্বিতীয় ম্যাচে হার মানলো পেপ গার্দিওলার শিষ্যরা, যা মৌসুম শুরুর জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।
আমেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরলিং হালান্ডের গোলে প্রথমে এগিয়ে যায় সিটি। তবে ব্রাইটনের জেমস মিলনার পেনাল্টি থেকে গোল করেন ৬৭ মিনিটে এবং ম্যাচের শেষ মুহূর্তে ব্রায়ান গ্রুদার জোড়া গোলে হার নিশ্চিত করে। রদ্রি ম্যাচের পর হতাশা প্রকাশ করে বলেন,‘আমি তো মেসি নই। ফিরে এসেই দলকে জেতাতে পারব, এমনটা নয়। এটি একটি দলীয় খেলা। আমাদের সবাইকে ভালো খেলতে হবে। আশা করি আন্তর্জাতিক বিরতির পর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো।’
গত বছর গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়া স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ম্যাচে দলের ভুলের কথাও উল্লেখ করেন,‘আমরা যেসব ভুল করছি সেগুলো শিশুতোষ। নতুন খেলোয়াড়দের খাপ খাওয়াতে সময় লাগে। দলে এত পরিবর্তন হলে মান বাড়ানো কঠিন হয়, তবে এগুলো অজুহাত নয়।’
মিলনার তার পেনাল্টি গোল উদযাপন করতে গিয়ে প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার স্মরণ করেন। ম্যাচশেষে মিলনার বলেন,‘জোতার মৃত্যু ভয়াবহ ছিল। ছয় বছর পর গোল পেলাম, এই মৌসুমে ২০ নম্বর জার্সি পরছি, মনে হচ্ছে ওর কাছ থেকেই সাহায্য পেয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।’