ভুটানের সঙ্গে ড্রয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ফিকে বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও হোঁচট খেল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর এবার স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে।
অন্যদিকে, চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। আজ রাতে নেপালকে হারালেই ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে তারা। তখন বাংলাদেশ-ভারতের শেষ ম্যাচটি হবে কেবল নিয়মরক্ষার।
ভুটানের চাংলিমিথাংয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পূর্ণিমা মারমার শক্তিশালী শটে গোল পায় লাল-সবুজ দল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণীকে পরাস্ত করে বল জালে পাঠান ভুটানি ফরোয়ার্ড।
বিরতির পর বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও ভাগ্য সহায় হয়নি। সুরভী আকন্দ প্রীতির শট একবার ক্রসবারে লাগে, অন্যবার গোলমুখে গিয়ে ব্যর্থ হয়। মামনি চাকমা, থৈনু মারমারা কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলেই ম্যাচ শেষ হয়।
নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে, অনূর্ধ্ব-২০ দলও সম্প্রতি সাফ শিরোপা জিতেছে। তবে অনূর্ধ্ব-১৭ দলের ক্ষেত্রে এবার সেই ধারাবাহিকতা রক্ষা হলো না।