ফিফা ই-বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ

চলতি বছরের ডিসেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই-বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে তিনটি বিভাগের বাছাই—ই-ফুটবল কনসোল, মোবাইল এবং রকেট লীগ।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করতে যাচ্ছে খেলোয়াড় বাছাই, যেখানে দেশটির প্রতিভাবান ই-ফুটবল খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর, তিন বিভাগে তিন ধাপে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এখান থেকে বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে।
সেখান থেকে কনসোল বিভাগে ৩ দল ও মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি টিকিট পাবেন রিয়াদে অনুষ্ঠিতব্য ফিফা ই-বিশ্বকাপে খেলার।
রোববার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আরেকটা যাত্রায় পা দিলাম, সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা ই-স্পোর্টসের আওতায় পড়ে। আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করবো। আমরা আশাবাদী, অন্যান্য দেশ যেভাবে ই-স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘এক সময় ই-স্পোর্টসকে কেবল বিনোদন হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সফল একটি ক্ষেত্র। বাংলাদেশের গেমারদের জয় শতাংশ বিবেচনা করলে আমরা আশাবাদী। খুব শিগগিরই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে।’
প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যোগ হয়েছে হয়েছে বাংলাদেশের নামও। গত ১৩ই জুলাই এক প্রজ্ঞাপনে ‘ই-স্পোর্টস’কে এ স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।