বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ভারতের কাছে থেমে গেল অর্পিতাদের জয়ের ধারা

ভারতের কাছে থেমে গেল অর্পিতাদের জয়ের ধারা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সামনে হার মানতে হয়েছে বাংলাদেশকে। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে অর্পিতা বিশ্বাসদের ২-০ গোলে হারায় ভারতীয় কিশোরীরা।

ম্যাচের প্রথমার্ধ থেকেই ভারতের আক্রমণ সামাল দিতে ব্যস্ত ছিল বাংলাদেশের রক্ষণভাগ। তবে শেষ পর্যন্ত ফরোয়ার্ড পার্ল ফার্নান্দেজ ও বনিফিলিয়া শুল্লাই একটি করে গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান।

ভুটানের বিপক্ষে জয়ে দুর্দান্ত সূচনা করলেও ভারতের কাছে হারের ফলে গ্রুপ পর্বে জটিল সমীকরণে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন বাকি ম্যাচগুলোতে ভালো করতে হবে অর্পিতা বিশ্বাসদের।

কাল ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ভারত। ম্যাচের ৪ মিনিটেই গোলের সুযোগ পায় ভারত। এসময় আনুশকা কুমারী বল নিয়ে বক্সে ঢুকে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা পোস্টের সামনে দাঁড়িয়েও অফসাইডের কারণে গোল বঞ্চিত হন। মিনিট খানেক পরই ভারতের একটি দূরপাল্লার শট অনায়াসে তালুবন্দি করেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।

 অবশেষে ১৪ মিনিটে এগিয়ে যায় ভারত। এসময় সতীর্থের ক্রস থেকে বক্সের বাইরে বল পেয়ে যান পার্ল ফার্নান্দেজ। বাংলাদেশের পোস্ট লক্ষ্য করে নেওয়া তার মাটি কামড়ানো শট গোলরক্ষক ইয়ারজানের হাত ছুঁয়ে জালে জড়ায় (১-০)। ম্যাচের ২৬ মিনিটে বাংলাদেশের পক্ষে ফ্রিকিক নেন ফাতিমা আক্তার। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার শট সহজেই ধরে ফেলেন ভারতের গোলরক্ষক মুন্নি।

 প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে তারা। সমতায় ফিরতে বাংলাদেশও চেষ্টা চালায়। ফলে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও উপভোগ্যে হয়ে ওঠে।

 তবে দ্বিতীয়ার্ধেও সাফল্য পায় ভারত। ম্যাচের ৭৬ মিনিটে তারা ব্যবধান দ্বিগুণ করে। এসময় আলিশা লিংদোর নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে ফাঁকায় থাকা বনিফিলিয়া শুল্লাই দুর্দান্ত ভলিতে গোল করেন (২-০)। ম্যাচের বাকি সময় দু’দল একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ভারতীয়রা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ