জর্জিনার সঙ্গে বাগদানের আগে, রোনালদোর প্রাক্তন প্রেমিকাদের মধ্যে ভারতীয় নায়িকা!

দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর অবশেষে জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে দীর্ঘসময় ধরে প্রেম এবং সংসার জীবন কাটানোর পর এবার তাদের বিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১১ আগস্ট জর্জিনা তার ইনস্টাগ্রামে আংটির ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ এই ঘোষণা প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে রোনালদো ও জর্জিনার বিয়ের খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এর আগে রোনালদো বিভিন্ন সম্পর্কেও জড়িত ছিলেন এবং তার ব্যক্তিগত জীবনের প্রেম সংক্রান্ত খবরও মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। এবার এই দীর্ঘ সম্পর্কের আনুষ্ঠানিকতার মাধ্যমে তার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
স্পোর্তিং লিসবন থেকে ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো দ্রুতই ফুটবল জগতের উজ্জ্বল তারকা হয়ে ওঠেন। খ্যাতি যেমন আকাশচুম্বী, তেমনি তার ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোনালদোর প্রেমজীবনে দীর্ঘকাল ধরে নানা গুঞ্জন ও সম্পর্কের তালিকা রয়েছে।
তার প্রথম উল্লেখযোগ্য সম্পর্ক ছিল ২০০৩ সালে ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেলের সঙ্গে। পরবর্তী কয়েক বছরে পর্তুগিজ টিভি তারকা মেরশে রোমেরো, ওয়েলশ রিয়েলিটি তারকা ইমোগেন টমাস, পর্তুগিজ অভিনেত্রী সোরাইয়া চাভেস, বলিউড অভিনেত্রী বিপাশা বসু, ইংলিশ মডেল জেমা অ্যাটকিনসন এবং হলিউড তারকা প্যারিস হিলটনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সৃষ্টি হয়।
২০১০ সালে রুশ সুপারমডেল ইরিনা শায়েকের সঙ্গে পাঁচ বছর ধরে চলা সম্পর্ক সবচেয়ে আলোচিত হয়ে ওঠে। এরপর লুসিয়া ভিল্লালোন, দেজিরে কোরদেরো এবং কিম কার্ডাশিয়ানের নামও রোনালদোর প্রেমজীবনের ইতিহাসে স্থান পায়।
বহু সম্পর্ক ও মিডিয়ার আলোচনার পর, অবশেষে রোনালদো স্থায়ী জীবনসঙ্গী হিসেবে বেছে নেন আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে। বর্তমানে আল-নাসরের হয়ে খেলার সময় সৌদি আরবেই তারা একসঙ্গে বসবাস করছেন এবং চার সন্তানের জনক হিসেবে রোনালদোর জীবনে জর্জিনার উপস্থিতি স্থায়ী ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।