ভারত সফরে আসছে আর্জেন্টিনা দল,নভেম্বরে প্রীতি ম্যাচে নামবেন মেসিরা

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক অনন্য সুযোগ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় পা রাখছে।
শনিবার (২৩ আগস্ট) ভোরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এখনো জানায়নি, কার বিপক্ষে খেলবে লিওনেল মেসিদের আর্জেন্টিনা।
কেরালা দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই বিশ্বচ্যাম্পিয়ন দলের সফরকে ঘিরে সেখানে ইতোমধ্যেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীরা আশা করছেন, এই সফর ভারতের ফুটবলে নতুন উদ্দীপনা যোগ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
এএফএ জানিয়েছে, ফিফার আন্তর্জাতিক সূচি অনুযায়ী নভেম্বরে এ ম্যাচ আয়োজন করা হবে। শিগগিরই প্রতিপক্ষ দল ও বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২০২৫ সালে আর্জেন্টিনা আরও দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তবে প্রতিপক্ষ এবং শহর এখনও নির্ধারিত হয়নি। দ্বিতীয় ম্যাচটি ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে অনুষ্ঠিত হবে, তবে সেই ম্যাচের প্রতিপক্ষও এখনো ঘোষণা করা হয়নি।
কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমানও এই খবর নিশ্চিত করেছেন। কয়েকটি জটিলতায় গত মে মাসে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তবে এখন সব সমস্যার সমাধান হয়ে তিন মাসের মধ্যে আর্জেন্টিনা দল ভারতে আসতে চলেছে।
এটি ২০১১ সালের পর আর্জেন্টিনা দলের ভারতের দ্বিতীয় সফর হবে। সেই সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল।
এছাড়া, আর্জেন্টিনা জাতীয় দলের পর ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে লিওনেল মেসির। ডিসেম্বরে ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ নামে তিন দিনের একটি সফর করবেন মেসি। যেখানে বিশ্বসেরা এই ফুটবলার কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি সফর করবেন।