বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ে ইসরায়েল নিষিদ্ধের আহ্বান

আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ে ইসরায়েল নিষিদ্ধের আহ্বান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান সংঘাতের কারণে ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে যে চলমান যুদ্ধের পরিস্থিতি খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক ফুটবল নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

এআইএসি আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ম্যাচের আগে এই পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর কাছে অনুরোধ করেছে। এআইএসি এক বিবৃতিতে বলেছে, “ইসরাইলকে গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সংগঠনটির এই দাবি আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যাতে ইসরাইলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব উয়েফা ও ফিফাকে জানানো হবে। তারা দাবি করেছে, এই পদক্ষেপ মানবিকতার দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় এবং বৈধ।

চিঠিতে বলা হয়েছে,‘এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যেখানে অনেক কোচ, ম্যানেজার এবং অ্যাথলেটও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা একেবারে প্রয়োজনীয় এবং বৈধ পদক্ষেপ হবে। অতীতের বেদনাকে মানবতা এবং বিবেকের বিপরীতে রাখা অসম্ভব।’

এআইএসি'র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে মন্তব্য করেছেন,‘আমরা যদি চাইতাম তাহলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি, এটিই সঠিক পদক্ষেপ নয়।’

গত বছর ইসরাইলের সঙ্গে ইতালির নেশন্স লিগের ম্যাচের আগে ও পরে বিক্ষোভ হয়েছিল। সেসময় স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপারও মোতায়েন করা হয়েছিল।

এরপর থেকে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, যেখানে চলতি মাসের শুরুর দিকে ২২ মাসব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এআইএসি'র সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি আরও বলেন,‘বিশ্ব আজ আগুনে জ্বলছে, ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ