বাংলাদেশের গর্ব, জেসি বিশ্বকাপে আম্পায়ার

বাংলাদেশের নারী ক্রিকেটে সুপরিচিত সাথিরা জাকের জেসি প্রথমবারের মতো বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামা তাঁর জন্য এবং দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
জেসি নিজেই সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি এর আগে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টে গত দুই বছর ধরে আম্পায়ারিং করেছেন। তবে এবারই প্রথম আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।
জেসির ভাষায়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আশা করি, আমার এই যাত্রা ভবিষ্যতের মেয়েদের জন্য নতুন পথ তৈরি করবে।
গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, এরপর ডিসেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং চলতি বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেন জেসি।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের ম্যাচগুলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। আর বাকি সব ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এবারে অংশ নেবে মোট আটটি দল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিবে।
সাথিরা জাকের জেসি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নারী আম্পায়ারিংয়ে এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছেন।
দৈএনকে/ জে .আ