বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিসিবির সহায়তায় নতুন বাড়ি পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

বিসিবির সহায়তায় নতুন বাড়ি পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাঙামাটির নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে। শনিবার বিসিবির সভা শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, ক্রীড়া অঙ্গনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সহায়তা প্রদান করা হবে।

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়ি যেন সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতিচ্ছবি। বাঁশের বেড়ার সাধারণ সেই ঘর নিয়ে একসময় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে আসে নানা আলোচনা। সাফ জয়ের পর পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন তাকে জমি দিলেও এখনও সেখানে বাড়ি নির্মাণ করে উঠতে পারেননি তিনি। গত বছর নিজের সেই অসহায় অবস্থার কথা সামাজিক মাধ্যমে আক্ষেপ করে জানিয়েছিলেন এই গর্বিত ফুটবলার।

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে বিসিবি। এবার তারই ধারাবাহিকতায় বিসিবি ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কবে নাগাদ কাজ শুরু হবে সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এ প্রসঙ্গে মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তার গ্রামের বাড়ি রাঙামাটিতে আমরা একটা বাড়ি করে দেবো। এই ব্যাপারে আজকের মিটিংয়ে সেটার অনুমোদন হয়েছে।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ