সমালোচনার জবাব দিলেন নেইমার, এক ম্যাচেই জোড়া গোল

নেইমারের খেলার ধার যেন অতীতের ছায়া মাত্র। বছরের অধিকাংশ সময় ইনজুরির সঙ্গে লড়াই করেই কাটছে ব্রাজিলিয়ান এই তারকার। নিয়মিত চোটের কারণে মাঠে যেমন অনিয়মিত হয়ে পড়েছেন, তেমনি তার পারফরম্যান্সেও পড়েছে বড়সড় ধস।
সম্প্রতি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সময় এক নতুন বিতর্কের জন্ম দেন নেইমার। মাঠে তাকে উদ্দেশ করে দুয়ো দেন একদল দর্শক। ক্ষিপ্ত হয়ে সেই দর্শকের সঙ্গে কথা-কাটাকাটিতেও জড়িয়ে পড়েন তিনি। পুরো ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শুরু হয় নতুন করে সমালোচনা।
সময়টা তাই একেবারেই ভালো যাচ্ছে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য। চোট, পারফরম্যান্স এবং বিতর্ক—সব মিলিয়ে যেন এক কঠিন সময় পার করছেন নেইমার।
দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে পারছিলেন না নেইমার। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।
সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সান্তোস। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার।
ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সান্তোসের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।
প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে।
দ্বিতীয়ার্ধে সান্তোস অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সান্তোসই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।
২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।