সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের
  • দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

    দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের চেষ্টা করছে ঢাকা। বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করছে বাংলাদেশ। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

    এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

    ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসানের পর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

    পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মুখে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। তবে সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে।

    রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

    প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই ভারত বন্দিবিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাঁকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাঁকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’

    এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। তাঁর প্রত্যাবর্তনের দাবিতে চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। এর শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

    স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় এক ডজনের বেশি ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

    শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যেখানে বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস হবে না।

    শামা ওবায়েদের ভাষ্য, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’

    রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপের আহ্বান

    ২০১৭ সালে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এ রায়ের পর রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

    আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সমালোচনা করে মিয়ানমার বলেছে, কেবল ‘পরিস্থিতি অনুকূলে এলেই’ রোহিঙ্গারা ফিরতে পারবে।

    এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘এখন এই রায় আমাদের অর্থাৎ বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে।’ রোহিঙ্গাদের ‘মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে’ নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    দফায় দফায় প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের অধিকাংশের আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

    মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন