অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি, ডিএসইর প্রশ্নে নীরব তুং হাই নিটিং

কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ। বছরের পর বছর লোকসান, পুঞ্জীভূত লোকসান প্রায় ৭৬ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও ঋণাত্মক। এমন আর্থিকভাবে দুর্বল অবস্থার মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে।
বিষয়টি নজরে আসার পর শেয়ারদর বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে চিঠির কোনো জবাব দেয়নি তুং হাই নিটিং কর্তৃপক্ষ।
সোমবার (২৪ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।
২১ দিনে শেয়ারদর বেড়েছে ৮২ শতাংশ
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট তুং হাই নিটিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ২ টাকা ৮০ পয়সা। ২৩ আগস্ট লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ৫ টাকা ১০ পয়সায়।
অর্থাৎ মাত্র ২১ দিনের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। শতাংশের হিসাবে এই উত্থান প্রায় ৮২ শতাংশ।
শেয়ারদরের এমন অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কি না, তা জানতে চেয়েছিল ডিএসই। তবে কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
কারখানায় নেই উৎপাদন
এর আগে তুং হাই নিটিংয়ের কারখানা সরেজমিনে পরিদর্শন করে ডিএসইর একটি বিশেষ পরিদর্শক দল। পরিদর্শনে গিয়ে দলটি কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কারখানাটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। অনেক যন্ত্রপাতিতে মরিচা ও ময়লার স্তর জমে থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারখানার উৎপাদন বন্ধ থাকার মতো গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানানোর নিয়ম থাকলেও তুং হাই নিটিং এ বিষয়ে যথাযথ তথ্য প্রকাশ করেনি বলে জানিয়েছে ডিএসই।
আর্থিক অবস্থাও নাজুক
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি কোম্পানিটির আর্থিক অবস্থাও বেশ দুর্বল। দীর্ঘদিন ধরে লোকসানে থাকায় তুং হাই নিটিং শেয়ারবাজারের ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৬ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মোট সম্পদের তুলনায় দায়ের পরিমাণ বেশি।
এ ছাড়া প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৭৬ কোটি টাকা। কয়েক বছর ধরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দিতে পারেনি কোম্পানিটি।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত
২০০৪ সালে প্রতিষ্ঠিত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৬ কোটি ৬৫ লাখ টাকা এবং মোট শেয়ারের সংখ্যা ১০ কোটি ৬৬ লাখের বেশি।
এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ০৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৬২ দশমিক ৩৮ শতাংশ শেয়ার।
একদিকে কারখানায় উৎপাদন বন্ধ ও আর্থিক সংকট, অন্যদিকে শেয়ারদরের বড় উত্থান—দুইয়ের মধ্যে সামঞ্জস্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ডিএসইর চিঠির জবাব না দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।