শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম

গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানালেন ক্রিকেটাররা

গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানালেন ক্রিকেটাররা
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ হওয়ায় চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা হবে কি না—এই সিদ্ধান্তে এসে কার্যত দেয়ালে পিঠ ঠেকেছে বোর্ডের।

এমন সংকটময় পরিস্থিতিতে ক্রিকেটারদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। ভারতের ভেন্যুতে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে (হোটেল ইন্টারকন্টিনেন্টাল) এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নেবেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিকাংশ ক্রিকেটারই বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দিতে পারেন।

বিশ্বকাপে খেলতে না গেলে কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিতেও প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভবিষ্যৎ।

বৈঠকে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই একে একে হোটেলে পৌঁছান সংশ্লিষ্টরা। সবার আগে উপস্থিত হন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর একে একে আসেন ক্রিকেটাররা। চোখে-মুখে দুশ্চিন্তা নিয়ে হোটেলে প্রবেশ করেন অধিনায়ক লিটন দাস। সাইফ হাসান ও নুরুল হাসান সোহানও যোগ দিয়েছেন বৈঠকে। এছাড়া জাকের আলি, হাসান মাহমুদরাও এসেছেন। বিশ্বকাপ দলে না থাকলেও নিজেদের মত জানাতে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আগেই হোটেলে প্রবেশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বৈঠকের আগে ইন্টারকন্টিনেন্টালের পরিবেশ ছিল বেশ থমথমে।

এতদিন নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিল সরকার ও বিসিবি। তবে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪-২ ভোটে নাকচ হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং বহু স্তরবিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনাও তারা বিসিবির সঙ্গে শেয়ার করেছে।

এমন বাস্তবতায় আজকের বৈঠকে মূলত আইসিসির এই কঠোর অবস্থান এবং ভোটাভুটির ফলাফল সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। একই সঙ্গে নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত এবং তারা আদৌ ভারত সফরে যেতে ইচ্ছুক কি না, সেটি সরাসরি শুনবেন ক্রীড়া উপদেষ্টা। জানা গেছে, ক্রিকেটারদের ইচ্ছে বিশ্বকাপ খেলা। আজকের বৈঠকে তারা বিশ্বকাপ খেলার দাবি জানাতে পারে। 

আইসিসির দেওয়া আল্টিমেটাম অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। আজকের এই বৈঠকের পরই হয়তো নির্ধারিত হয়ে যাবে লাল-সবুজের বিশ্বকাপ ভাগ্য। ক্রিকেটাররা যদি নিরাপত্তার আশ্বাসে খেলতে রাজি হন, তবেই হয়তো বরফ গলবে। অন্যথায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন