বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, প্রস্তুত হলেই সিদ্ধান্ত নেবেন কৌশানি

টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। বিশেষ দিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তারা। ফলে তাদের সম্পর্কের বিষয়টি ভক্তদের কাছেও বেশ পরিচিত।
তবে দীর্ঘদিনের সম্পর্ক হলেও আপাতত বিয়ের সিদ্ধান্ত নিতে চান না কৌশানি। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
চলতি বছরের শেষ নাগাদ কৌশানি ও বনির বিয়ে হতে পারে—এমন গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। তার মতে, একটি সম্পর্কের স্বাভাবিক পরিণতি হিসেবে অনেকেই বিয়েকে দেখেন। তবে তিনি বর্তমানে নিজের জীবন ও সম্পর্ক নিয়ে ভালো আছেন।
বনির সঙ্গে তার সম্পর্কও ভালোভাবেই চলছে বলে জানান কৌশানি। শুধু বয়স বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে চান না তিনি।
কৌশানির ভাষায়, ‘আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’
সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে পরিবারের মনোভাব নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, তার বাবা মাঝেমধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার আশঙ্কায় অনেক সময় বিষয়টি নিয়ে আর বেশি কথা বলেন না।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তিনি। ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে জল্পনা থাকলেও কৌশানির বক্তব্য অনুযায়ী, নিজের প্রস্তুতি ও ইচ্ছাকেই বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।