গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও নিজস্ব আর্থিক সামর্থ্য বাড়ানোর পাশাপাশি প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানো জরুরি। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর।
বৈঠকে বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, স্থানীয় সরকার ও গণতন্ত্র শক্তিশালীকরণ, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, জবাবদিহি ও নারী ক্ষমতায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূলে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।