গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়। এতে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টার পর থেকেই টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন।
বৈঠকের আগে জামায়াতে ইসলামীর নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান তারা। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী, সে বিষয়েও সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হবে।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত রয়েছেন। দেশের গণমাধ্যম, রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।