মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে ১ হাজারের বেশি মৃত্যু, নিখোঁজ ৪৫০০ ৭ দিনের মধ্যে গ্যাস সংকট কাটবে: রিজভী প্রতিটি নির্বাচনি এলাকায় বিএনপির একজন প্রার্থী: ভূমিমন্ত্রী পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি মানতে হবে ভারতকে: আদালত ধ্বংসপ্রাপ্ত পুলিশকে পুনরুদ্ধারে সময় লাগবে: জাহেদ উর রহমান আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ মেসি যেভাবে হয়ে উঠলেন ‘দেবতা’ মার্কিন প্রতিরক্ষায় বড় পরিবর্তন, পদত্যাগ করলেন সেনা সচিব ড্রিসকল প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের জিয়া হত্যাকাণ্ডের তদন্তে মোজাফফরের ফোনে মিলল নতুন তথ্য
  • ধ্বংসপ্রাপ্ত পুলিশকে পুনরুদ্ধারে সময় লাগবে: জাহেদ উর রহমান

    ধ্বংসপ্রাপ্ত পুলিশকে পুনরুদ্ধারে সময় লাগবে: জাহেদ উর রহমান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ থাকলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে পুলিশের অতীত ভূমিকা ও বাস্তব অবস্থা বিবেচনায় নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর বড় একটি অংশ মানসিকভাবে বিপর্যস্ত ও মনোবলহীন হয়ে পড়েছে। এই অবস্থায় বাহিনীকে পুনর্গঠন করে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি বুঝতে হলে অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করা যেতে পারে।

    তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় একটি দুর্বল ও মনোবল হারানো পুলিশ বাহিনীকে নিয়ে কাজ করতে হয়েছে। এর পেছনে দীর্ঘ সময়ের নানা ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ১৫ বছর এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশের একটি অংশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যে বাহিনীটির প্রতি আস্থা কমেছে। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিজেদের আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বললে তারাও স্বীকার করেন যে আগের আত্মবিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে সময় লাগবে।

    কিছু অপরাধ বেড়েছে, কমেছে কিছু

    বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের অপরাধ পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন জাহেদ উর রহমান।

    তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় হত্যাকাণ্ড এবং হত্যা মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। তবে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো কয়েকটি অপরাধের মামলা তুলনামূলকভাবে কমেছে।

    তিনি বলেন, অপরাধ যে ঘটছে না, এমন দাবি সরকার করছে না। প্রতিটি অপরাধের খবর প্রকাশ্যে আসা এবং সেগুলো নিয়ে আলোচনা হওয়াকে স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

    তার ভাষ্য, কোনো অপরাধ সংঘটিত হলে তার দায় সরকারের—এ কথা স্বীকার করতে সরকার দ্বিধা করছে না। তবে সার্বিক পরিস্থিতি কোন অবস্থানে রয়েছে, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

    সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো প্রায় ছয় মাসের মতো সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে বলে তারা আশা করছেন।

    ইনডেমনিটি নয়, অতীত কর্মকাণ্ডেই ভেঙেছে পুলিশের মনোবল

    ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশের সদস্যদের নিহত হওয়া এবং তাদের বিষয়ে দেওয়া ইনডেমনিটির কারণে বাহিনীর মনোবল ভেঙেছে কি না—এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা।

    তিনি বলেন, পুলিশের মনোবল নষ্ট হওয়ার মূল কারণ ইনডেমনিটি নয়। বরং অতীতে বাহিনীর একটি অংশকে যেভাবে রাজনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, সেটিই বড় কারণ।

    জাহেদ উর রহমান বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বেআইনি নির্দেশ পালন করতে বাধ্য নন। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বেআইনি আদেশ দিলেও তা পালন করে অপরাধ করলে শুধু ‘আদেশ পালন করেছি’—এই যুক্তি দায়মুক্তির কারণ হতে পারে না।

    তিনি বলেন, পুলিশের বর্তমান সংকটের পেছনে তাদের অতীত কর্মকাণ্ডেরও বড় ভূমিকা রয়েছে।

    অতীতের ঘটনায় মানুষের ক্ষোভ তৈরি হয়েছে

    ৫ আগস্টের পর মানুষ ঝুঁকি নিয়ে বিভিন্ন থানায় ঘেরাও করতে গিয়েছিল বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। কিছু ঘটনায় পুলিশের গুলিতে সাধারণ মানুষ হতাহত হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

    তার মতে, দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার পেছনে অতীতের নানা ঘটনা রয়েছে।

    তিনি প্রশ্ন রাখেন, গত ১৫ বছরে পুলিশকে ব্যবহার করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নির্যাতন বা মামলা করা হয়নি কি না। ‘গায়েবি মামলা’র মতো বিষয়ও ওই সময় আলোচনায় এসেছে বলে উল্লেখ করেন তিনি।

    আইনসম্মত দায়িত্ব পালনে পুলিশকে সহযোগিতার আহ্বান

    পুলিশের অতীত কর্মকাণ্ডের কারণে বর্তমানে তাদের আইনসম্মত দায়িত্ব পালনে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

    তিনি বলেন, অতীতে পুলিশ কী করেছে, সেই কারণে এখন পুলিশ বাহিনীর বৈধ কর্তৃত্ব অস্বীকার করার প্রবণতা থাকা উচিত নয়। আইনসম্মত কোনো দায়িত্ব পালন করলে পুলিশকে তা করতে দিতে হবে।

    নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য যদি আইন মেনে দায়িত্ব পালন করেন, তাহলে তাকে দায়িত্ব পালনে সহযোগিতা করা প্রয়োজন। কারণ পুলিশের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

    তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পুলিশ সদস্যদেরও দেশের সাধারণ মানুষের সন্তান, ভাই ও স্বজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন