রাষ্ট্রপতি নির্বাচনের আগে মির্জা ফখরুলের প্রত্যাশা, ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব’

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রত্যাশার কথা জানান তিনি। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।
মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে সাধারণ ও প্রান্তিক মানুষ নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। শ্রমজীবী মানুষ যেন দুবেলা খাবার পায়, সুস্থ পরিবেশে বসবাস করতে পারে এবং তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়—এমন বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ নারী। তাদের জন্যও আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেটিও তার প্রত্যাশা।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যারা পাশে ছিলেন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলের নেতা-কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুন দায়িত্বে গেলে জীবনের অনেক কিছুই হয়তো মিস করবেন। এ সময় সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দেশ গঠনে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীবনের এই সময়ে তার কথা বারবার মনে পড়ছে। খালেদা জিয়ার কাছ থেকে তিনি স্নেহ ও রাজনৈতিক সান্নিধ্য পেয়েছেন বলেও উল্লেখ করেন।
এদিকে দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে শুরু হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভোট শুরুর সময় দুপুর ২টায় তিনি সংসদে গিয়ে নিজের ভোট দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিন ধরে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে দলীয় নেতা-কর্মীদের ভিড় রয়েছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা তার সঙ্গে দেখা করতে আসছেন। মির্জা ফখরুলও তাদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইছেন।
গতকাল বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।