আবেগঘন বার্তায় নেতাকর্মীদের বিদায় জানালেন ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দলের নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ওই পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন বলে সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানিয়েছেন।
সভায় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়া মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মির্জা ফখরুল ইতোমধ্যে বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দলের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার মুহূর্তে দেওয়া তার আবেগঘন বার্তা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।