সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে বিএনপি নেতাদের তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

চট্টগ্রামে বিএনপি নেতাদের তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজার ও চট্টগ্রাম সফরের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের কাঠামো আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। তাই সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায় থেকেই দলকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার, তাদের কথা শোনার এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে রাজনীতি করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হতে হবে। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী করলেই হবে না। ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায়েও দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার ওপর দলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।

সভায় দলের নেতাদের তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে রোববার সকালে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। সভা শেষে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশে রওনা হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন