সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন কর্নেল (অব.) অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন কর্নেল (অব.) অলি আহমদ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। জোটের শীর্ষ নেতাদের বৈঠকে তার প্রার্থিতার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জোটের শরিক দলগুলোর নেতাদের মতামতের ভিত্তিতে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ অংশ নেন।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের প্রার্থী নির্ধারণসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

এর আগে শনিবার (৮ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়টি নিয়েই পরে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় রোববারের বৈঠকে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হলো।

এ ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থিতার বিষয়টি স্পষ্ট হলো। এখন নির্বাচনকে সামনে রেখে জোটের পক্ষ থেকে পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন