গণভবনের জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপি নেতারা

রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
শনিবার (৮ আগস্ট) সকালে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা গণভবনে স্থাপিত স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং এর পটভূমি তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন তারা।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিভিন্ন নিদর্শন ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।
এর আগে সর্বসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম। গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
এনসিপির নেতাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে ক্ষেত্রে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করে এনসিপি।