এক মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনা, নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন

জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংস্থাটির মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩৩.১৭ শতাংশ। এছাড়া ১০৬ জন পথচারী এবং ৫১ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
সড়কের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে—১৬৯টি। এরপর আঞ্চলিক সড়কে ১৫৫টি, শহরের সড়কে ৬৬টি এবং গ্রামীণ সড়কে ৬১টি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ১৬৪টি, মুখোমুখি সংঘর্ষে ১২৩টি, পথচারীকে চাপা দিয়ে ১০৮টি এবং পেছন থেকে ধাক্কায় ৫৪টি দুর্ঘটনা ঘটেছে।
এ ছাড়া জুলাই মাসে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৪৭ জন।