আরেকটি বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: জামায়াত আমির

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরেকটি গণআন্দোলন বা বিপ্লবের সম্ভাবনা দেখা যাচ্ছে। এজন্য তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা ও রাজনৈতিক আচরণ নিয়ে হতাশা তৈরি হয়েছে। তার দাবি, যারা জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করেনি, তাদের কারণেই বর্তমান অস্থিরতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মনে করছেন, দেশে নতুন রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ তৈরি হচ্ছে।
তিনি বলেন, অন্যায় ও স্বৈরাচারী আচরণের পরিণতি একসময় সামনে আসে। সরকার যদি জনগণের বার্তা অনুধাবন না করে, তাহলে তাদের পতন ঠেকানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, আন্দোলন কোনো নির্দিষ্ট বয়সের মানুষের বিষয় নয়। অতীতের মতো ভবিষ্যতের যেকোনো আন্দোলনেও সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গ্রেপ্তার, মামলা কিংবা মৃত্যুদণ্ডের ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের মতামত ও গণরায়কে সম্মান জানানো উচিত। ইতিহাসে জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিভিন্নভাবে সমঝোতার চাপ ও প্রলোভন দেওয়া হলেও তারা জনগণের দাবি থেকে সরে আসবেন না। গণরায়ের সুরক্ষায় তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা ও আতঙ্কের পরিবেশ তৈরি হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে মূল্য বাড়ানোর মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের নীতিকে তিনি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন।
সমাবেশে তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, অধিকার হরণ ও স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলেও জানান তিনি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।