এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, দেশে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। সেই প্রেক্ষাপটে হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে তারা উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, হামলার সময় এনসিপির মিডিয়া টিমের ব্যবহৃত একটি মাইক্রোবাস, সাংবাদিকদের কয়েকটি যানবাহন এবং জেলা সার্কিট হাউসের ভেতরের কিছু রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা ঝিনাইদহে এনসিপির এক নেতার ওপর হামলা এবং সাভারে পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনারও উল্লেখ করে এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
যৌথ বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও মত প্রকাশ করা হয়।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের প্রতি অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।