বুধবার, ২৪ জুন ২০২৬
Natun Kagoj

অবশেষে হরমুজ প্রণালী পার হলো এমভি বাংলার জয়যাত্রা

অবশেষে হরমুজ প্রণালী পার হলো এমভি বাংলার জয়যাত্রা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পারস্য উপসাগরে দীর্ঘ চার মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে প্রণালীটি অতিক্রম করে।

বর্তমানে জাহাজটি জ্বালানি (বাংকারিং) সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিএসসি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

এরপর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেলে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে, ফলে জাহাজটির নির্ধারিত যাত্রা ব্যাহত হয়।

১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজটিকে বিকল্প রুটে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসসি। পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি। কিন্তু হরমুজ প্রণালীতে চলাচল জটিল হয়ে পড়ায় সেটি দীর্ঘদিন আটকে থাকে।

পরিস্থিতির উন্নতির পর জাহাজটি পুনরায় যাত্রা শুরু করলেও পথে বিভিন্ন জটিলতার মুখোমুখি হয়। একপর্যায়ে ওমান উপকূলের বহির্নোঙরে অবস্থান নিতে বাধ্য হয়।

সর্বশেষ আঞ্চলিক উত্তেজনা কমে আসা এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলে ‘এমভি বাংলার জয়যাত্রা’ নিরাপদে হরমুজ প্রণালী পার হতে সক্ষম হয়েছে।

২০১৮ সালে নির্মিত ‘এমভি বাংলার জয়যাত্রা’ একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ, যার ধারণক্ষমতা ৩৮ হাজার ৮৯৪ টন। জাহাজটিতে কর্মরত ৩১ জন ক্রুই বাংলাদেশি নাগরিক।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, জাহাজের নাবিকরা অত্যন্ত ধৈর্য, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সংকটকালীন পরিস্থিতি মোকাবিলা করেছেন। তাদের দক্ষতা ও সরকারের সার্বক্ষণিক সহযোগিতার ফলে জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে পেরেছে।

তিনি জানান, পুরো সময় জাহাজে খাবার, সুপেয় পানি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে বিশেষ মিল অ্যালাউন্স, ঈদ প্রণোদনা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থানের জন্য ‘ওয়ার ওয়েজ’ সুবিধাও দেওয়া হয়েছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জটিল পরিস্থিতি কাটিয়ে জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টার ফলেই ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী অতিক্রম করে পরবর্তী গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন