ঈদের ছুটিতে এবার নেই বাড়তি অবকাশের সুযোগ

বাংলাদেশে ঈদ উৎসব ঘিরে সরকারি চাকরিজীবীরা সাধারণত দীর্ঘ ছুটির সুযোগ পান। সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) এবং সরকারি ছুটি মিলিয়ে অনেক সময় এই ছুটি আরও বাড়ে। সাধারণত ঈদে তিন দিনের সরকারি ছুটি থাকলেও নির্বাহী আদেশে তা বাড়িয়ে পাঁচ দিন পর্যন্ত করা হয়। এর সঙ্গে আগে বা পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটি ৭ দিন বা তারও বেশি হতে পারে।
তবে আসন্ন ঈদুল আজহার এমন দীর্ঘ ছুটির সম্ভাবনা কম। সম্ভাব্য হিসাব অনুযায়ী, এবারের ঈদুল আজহা পড়তে পারে ২৮ মে (বৃহস্পতিবার) বা ২৯ মে (শুক্রবার)। অর্থাৎ, ঈদের সময়ই সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় ছুটি বাড়ানোর সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।
ফলে সরকারি ছুটির আগে বা পরে সাপ্তাহিক ছুটি যুক্ত করে দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ এবার থাকছে না বললেই চলে। এমনকি মাঝখানে একদিন ছুটি নিয়ে সেটিকে দীর্ঘ ছুটিতে রূপ দেওয়ার সুযোগও সীমিত।
তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সরকারিভাবে কতদিন ছুটি দেওয়া হবে, সেটিও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
সর্বশেষ তথ্যে জানা গেছে, নির্ধারিত দিনে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শাওয়াল মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। এর ফলে নতুন মাস জিলকদ গণনা শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, জিলকদ মাস শেষে শুরু হয় জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। যদি জিলকদ ২৯ দিনে শেষ হয়, তাহলে ২৮ মে ঈদ হতে পারে। আর যদি ৩০ দিনে শেষ হয়, তাহলে ঈদ অনুষ্ঠিত হবে ২৯ মে। চাঁদ দেখার ওপরই নির্ভর করবে চূড়ান্ত তারিখ।