যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসিতে ড. খলিলুর রহমান

যুদ্ধবিরতি হলেও মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি শেষ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চল এক কঠিন ও অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট বিভিন্ন দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো পুনর্মূল্যায়নের সময় এসেছে। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার দীর্ঘদিনের ধারণা পরিবর্তিত হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, উন্নয়ন ধরে রাখা এবং সংকট মোকাবিলার কৌশল এখন জরুরি।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে ড. খলিলুর রহমান বলেন, ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আরও শক্তভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো (এসএমই) আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ উন্নয়নের বড় চালিকাশক্তি হয়ে উঠছে। তাই উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে এসএমই খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আন্তঃসীমান্ত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো বিকল্প নেই।