একা সিটি করপোরেশনের পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: আবদুস সালাম

রাজধানী ঢাকাকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেছেন, শুধুমাত্র সিটি করপোরেশনের একার পক্ষে মশা নিধন বা নগর পরিষ্কার রাখা সম্ভব নয়, এ জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য।
শনিবার (১১ এপ্রিল) সকালে সচিব নিবাস এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, নগর ব্যবস্থাপনায় দায়িত্ব ভাগাভাগি হওয়া উচিত। জনগণ ও সিটি করপোরেশন উভয়ে সমানভাবে দায়িত্ব পালন করলে তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। তিনি জানান, নাগরিকরা নিজেদের দায়িত্ব পালন করলে এবং সিটি করপোরেশন তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করলে তবেই শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মশা সম্পূর্ণ নির্মূল করা না গেলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এ জন্য নগরের খালগুলো সচল রাখা, দখলমুক্ত করা এবং আবর্জনামুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্যামপুর-ডেমরা এলাকার খালগুলোর অবস্থা উল্লেখ করে তিনি বলেন, এসব খাল সংস্কার ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।
ডিএসসিসি প্রশাসক জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিকদের আচরণগত পরিবর্তনই নগর ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান এনে দিতে পারে। “আমি বদলালে ঢাকা বদলাবে”—এই মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানান আবদুস সালাম। তিনি বলেন, সুযোগ পেলে কয়েক বছরের মধ্যেই রাজধানীর দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
নগরের খাল পুনরুদ্ধার, দখলমুক্তকরণ এবং সড়ক ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান প্রসঙ্গে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।