চরফ্যাশনে পাঁচশত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশনে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ৯ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) 'আরএইচএল' প্রকল্পের আওতায় শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল আম, নারিকেল, সুপারি, কদবেল, মেহগনি এবং সফেদা।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আবু তাহের, পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শ্যাম সুন্দর দেবনাথ এবং আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মেহেদী আজম ও কৃষিবিদ মো: মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং গাছপালা রোপণের গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে উপকূলের মানুষকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করা সম্ভব।
এই উদ্যোগটি একদিকে যেমন উপকূলের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করবে, তেমনি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।