বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ভাঙচুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে একের পর এক সহিংস ঘটনার মধ্যে এবার সরাসরি সমাবেশের মঞ্চেই হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের সমর্থকেরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার একটি সমাবেশস্থলে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে দুর্বৃত্তরা এগিয়ে আসে এবং ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

যমুনা টিভির সরেজমিন প্রতিবেদক জানান, হামলাটি অতর্কিত ছিল না। পুলিশের পাশাপাশি এপিবিএনের উপস্থিতিতেই এ হামলা ঘটে। পরিস্থিতি খারাপ হতে থাকলে পুলিশ এবং এনসিপি নেতারা দ্রুত সমাবেশস্থল ত্যাগ করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এনসিপির নেতাকর্মীরা পুনরায় সমাবেশে ফিরে আসেন।

এর আগে সকালেই সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সময় ইউএনও এম রকিবুল হাসান সেখানে গেলে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

এছাড়া আরও আগে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে একদিনেই এই ধারাবাহিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন