সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মানহানির অভিযোগে নাসিরউদ্দিনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা

মানহানির অভিযোগে নাসিরউদ্দিনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে ‘অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন’ এবং মানহানি করার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে আদালতে মামলা আবেদনের আবেদন করা হয়েছে।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে আবেদনটি করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের প্রেক্ষাপট অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর পর থেকে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসছেন।

সবশেষ ৫ মার্চ, নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ ও কিছু অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী মো. আশরাফুল ইসলাম বলেন, “এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা তথ্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কোটি কোটি মানুষ এই কুরুচিপূর্ণ বক্তব্য দেখেছেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।”

অভিযোগে আরও বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে।

আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে ইতিমধ্যে আবেদন জমা দেওয়া হয়েছে এবং বেলা ১১টার দিকে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন