দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন যুক্ত ৪ লাখের বেশি

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে হালনাগাদ ভোটার তালিকার এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ৩১ আগস্ট কমিশনের প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় ২৫ নভেম্বর পর্যন্ত তালিকায় নতুন করে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার যুক্ত হয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এই হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী আয়োজন করা হবে বলেও জানান ইসি সচিব।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এতে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।