নবাবগঞ্জে অগ্নিকান্ডে ১০ বসতবাড়ি ভস্মীভূত, নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের সূত্রপাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগুনে শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) রোগী রইচ উদ্দিন (৭২) ঘর থেকে বেরতে না পারায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি ঐ গ্রামেই মৃত ইউসুফ আলির ছেলে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ততক্ষণে ঐ গ্রামের ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এ ছাড়াও ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত তে পাড়ে।”
তিনি আরও জানান, অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের ও ক্ষতিগ্রন্ত পরিবারকে পুর্নবাসন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রন্ত পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়ায় দ্রুত পুনর্বাসন ও সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।