শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় সৈয়দপুর রেলওয়ে কারখানা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক নারী-পুরুষ কর্মচারী অংশ নেন। তাদের হাতে ছিল দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

বক্তারা অভিযোগ করেন, নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার নামে সময়ক্ষেপণ চলছে। নিম্ন ও মধ্যপদস্থ সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর অপেক্ষায় থাকলেও সিদ্ধান্তহীনতা পরিস্থিতিকে জটিল করছে। তারা বলেন, জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে যে হারে বেড়েছে, বর্তমান বেতন দিয়ে তা মোকাবিলা করা সম্ভব নয়।

সমাবেশে রেলওয়ের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সাধারণ কর্মচারীরা বক্তব্য রাখেন। তারা বলেন, ১২টি গ্রেডে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে কমিটির রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে।

পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে তিনটি মূল দাবি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না হলে দেশের সব সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন তারা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন