বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিশ্ব খাদ্য কর্মসূচির ইভেন্টে অংশ নিতে রোমে ড. ইউনূস

বিশ্ব খাদ্য কর্মসূচির ইভেন্টে অংশ নিতে রোমে ড. ইউনূস
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে (বিশ্ব খাদ্য কর্মসূচি) অংশ নিতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিশ্ব খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার এই উচ্চপর্যায়ের ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ড. ইউনূস সেখানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে।

এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকীবুল হক। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। রোমে এফএও’র সদর দপ্তরে এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন