মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’এই শ্লোগানকে সামনে রেখে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে এবং সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মীর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার ভাণ্ডার। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের পথপ্রদর্শক। তাই প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমেই মানবিক সমাজ গঠন সম্ভব।

বক্তারা আরও বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গঠনে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপনের মতো নানা উদ্যোগ নিয়েছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও প্রবীণদের প্রতি যত্নবান হতে হবে।

তাঁরা উল্লেখ করেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে অনেক প্রবীণ নাগরিক পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে নানামুখী সমস্যায় ভুগছেন। পরিবার ও সমাজে অবহেলিত এই জনগোষ্ঠী মৌলিক অধিকার, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন