নীলফামারীতে সার ডিলারদের সংবাদ সম্মেলন

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা ও চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নীলফামারী জেলা শাখা। সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে হলে দ্রুত সারের বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের প্রাপ্য কমিশন বৃদ্ধি এবং ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা।
তাদের অভিযোগ, কৃষক পর্যায়ে সারের সংকট দেখা দিলেও এর জন্য ডিলাররা দায়ী নন। চলতি অর্থবছরে নীলফামারীতে ইউরিয়ার চাহিদা ছিল ৮২ হাজার ৮১৭ মেট্রিক টন, কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ৪৭ হাজার ৫৬৯ মেট্রিক টন। একইভাবে টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদার তুলনায় বরাদ্দও কম পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া নীতিমালায় প্রতি ইউনিয়নে আরও তিনজন করে নতুন ডিলার নিয়োগের কথা বলা হয়েছে। তাদের মতে, এতে সংকট নিরসনের বদলে জটিলতা আরও বাড়বে। তাই মাঠপর্যায়ের মতামত নিয়ে ২০০৯ সালের নীতিমালা হালনাগাদ করে ২০২৫ সালের জন্য কার্যকর করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি রজব আলী আহমেদ, চিত্ত সরকার, আলহাজ্ব তাসলিম উদ্দিন, রশিদুল হক, যুগ্ম সম্পাদক আবুল কালাম মিঠু, মাহমুদ আলম, কোষাধ্যক্ষ পলি রানী কুন্ডুসহ জেলা পর্যায়ের ডিলাররা উপস্থিত ছিলেন। এসময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলমসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।